আবারো ফেসবুক বর্জনের আহ্বান

১২ নভেম্বর, ২০১৯ ১১:২০  
বিশ্বব্যাপী জনপ্রিয় এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবং ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম এখন ফেসবুকের আওতাধীন। সে অনুযায়ী বিশ্বের অধিকাংশ মানুষের তথ্যই এখন এই সোশ্যাল মিডিয়া জায়ান্টের কাছে। আর এই বিপুল তথ্য প্রতিষ্ঠানটি বিক্রি করছে ও তথ্যের গোপনীয়তা এবং নিরাপত্তা লঙ্ঘন করছে। ফলে  বিশ্বব্যাপী মানুষকে ফেসবুক বর্জন করা উচিত। ওয়্যার্ড ম্যাগাজিনের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফের এমন আহ্বান জানিয়েছেন হোয়াটসঅ্যাপের সহ প্রতিষ্ঠাতা ব্রেইন অ্যাক্টোন। তিনি বলেছেন, মানুষের জীবন থেকে ফেসবুককে বাদ দিতে হবে এখনই। দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানে আগত দর্শকদের উদ্দেশে অ্যাক্টোন বলেন, ‘আপনারা যদি ফেসবুকে থাকতে চান তাহলে আপনাদের বিজ্ঞাপনের শিকার হতে, বিজ্ঞাপনের খোঁচা খেতে হবে।’ এদিকে ফেসবুক বর্জন বিষয়ে ফোর্বস ম্যাগাজিনকে অ্যাক্টোন জানান, ফেসবুকের বিরুদ্ধে কিছু বলা হয়ত কঠিন ছিল এবং তাদের মধ্যে আমিও একজন ছিলাম। কিন্তু আমার মনে হয় এখনই সময় কথা বলার। আমি আমার ইউজারদের গোপনীয়তা বিক্রি করে দিয়েছি। আর ফেসবুক হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দেখিয়ে আগামী পাঁচ বছরের মধ্যে ১০ বিলিয়ন ডলার মুনাফার লক্ষ্য নির্ধারণ করেছে। প্রসঙ্গত,  ২০১৮ সালে হ্যাশ ট্যাগ দিয়ে (#ডিলিটফেসবুক) ফেসবুক বর্জন করার জন্য টুইট করেন  হোয়াটসঅ্যাপের সহ প্রতিষ্ঠাতা ব্রেইন অ্যাক্টোন।